পটুয়াখালীর দুমকিতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করার কারণে ধর্ষণ মামলা করার অভিযোগ উঠেছে এ আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। ওই মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আসামির বাবা।

তার দাবি, আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে তার ছেলেকে মামলায় ফাঁসানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে প্রেসক্লাব দুমকির হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মামলার আসামির বাবা লতিফ খান।

আরও পড়ুন

নায়ক না খলনায়ক / আর্জেন্টিনাকে কি ভুল বুঝছে মানুষ?

লিখিত বক্তব্যে তিনি বলেন, দুমকার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন প্যাদা পূর্বপরিকল্পিতভাবে তার মাদরাসাপড়ুয়া ছেলে আবির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। গত ১২ জুলাই মামলাটি করা হয়। থানায় অভিযোগ না করে সরাসরি আদালতে মামলা করা হয়েছে। মামলার সাক্ষীরাও বাদীপক্ষের ঘনিষ্ঠজন বলে অভিযোগ করেন লতিফ খান।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা প্রত্যাহারের শর্তে তার কাছে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম

সংবাদ সম্মেলনে লতিফ খান দাবি করেন, তার ছেলে জিসান ব্রাজিল ফুটবল দলের সমর্থক এবং মামলার বাদীপক্ষ আর্জেন্টিনা দলের সমর্থক। ফুটবল দল সমর্থনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই তার ছেলেকে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী আল আমিন প্যাদা। তিনি বলেন, ‘ঘটনাটি সত্য। এর প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। থানায় মামলা নিতে গড়িমসি করায় আদালতে মামলা করেছি।’

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম