ইলশেগুঁড়ি বৃষ্টি নামে, নামে মাঠের ধারে
ইচ্ছে করে ভিজতে থাকে খোকা বারে বারে।
খোকার ভীষণ সাধ জেগেছে বৃষ্টি মাখে গায়ে
বন্ধুরা তার ঘিরে আছে ডানে এবং বায়ে।
বৃষ্টি মেখে সবাই যখন করছে ভীষণ খেলা
ঘাসের বনে প্রজাপতি, নীল ফড়িংয়ের মেলা।
খোকার সাথে ভিজতে থাকে ফড়িং প্রজাপতি
পাতায় পাতায় টাপুর টুপুর বাড়ছে ঝড়ের গতি।
তাইরে নাইরে নাচছে খোকা ফড়িং করে মানা
আমার মতো ভিজলে তোমার অসুখ দেবে হানা।
প্রজাপতি লুকিয়ে পড়ে পাতার ফাঁকে ফাঁকে
বাড়ির দিকে ছুটছে খোকা মা যখনি ডাকে।






