দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রাণ-আরএফএল গ্রুপসহ ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক উদ্যোগের আওতায় এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (৬ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ বক্তব্য দেন। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেলো তিন প্রতিষ্ঠান
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের করপোরেট পর্যায়ে এটি এ ধরনের প্রথম স্বীকৃতিমূলক উদ্যোগ। ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক প্রভাবের আদর্শকে সামনে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মাননা পাওয়া ২৫টি প্রতিষ্ঠান হলো- প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ, এসিআই গ্রুপ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, বেঙ্গল ফাউন্ডেশন, বারডেম জেনারেল হাসপাতাল, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিকাশ লিমিটেড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ব্র্যাক, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইসড (সিআরপি), ছায়ানট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণফোন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি), কুমুদিনী নার্সিং কলেজ, নটর ডেম কলেজ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
আরও পড়ুন
বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরি ও এটিইসি
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।
এতে আরও জানানো হয়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তত্ত্বাবধানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন জুরি প্যানেল এই ২৫টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে।
ইএআর/ইএ








