মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন স্পাইডার-ম্যান। নতুন সিনেমা ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। আর সেই আগ্রহকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি তিনি এমন একটি তথ্য দিয়েছেন, যা সিনেমার গল্প নিয়ে নতুন রহস্যের জন্ম দিয়েছে।

‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’-এর শেষ দৃশ্যে দর্শক দেখেছিলেন, পিটার পার্কার নিজের প্রিয়জনদের রক্ষা করতে এক কঠিন সিদ্ধান্ত নেন। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর মাধ্যমে পুরো পৃথিবী ভুলে যায় যে স্পাইডার-ম্যান আসলে পিটার পার্কার। সেই ঘটনার পর ধারণা করা হয়েছিল, নিজের পরিচয় হারিয়ে পিটার সম্পূর্ণ একা হয়ে পড়েছে।

কিন্তু নতুন সিনেমাকে ঘিরে দেওয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি এতটা সহজ নয়। তিনি বলেন, ‘আমার মনে হয় সবাই ভুলে গেছে যে আমি স্পাইডার-ম্যান, তবে একজন ছাড়া...’। তার এই বক্তব্য মুহূর্তেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন জেনডায়াও। তিনি কথোপকথনের এক পর্যায়ে বলেন, ‘কেউ আর মনে রাখে না যে তুমি পিটার পার্কার। তারা শুধু স্পাইডার-ম্যানকে চেনে।’ তবে টম আবারও জোর দিয়ে বলেন, ‘একজন জানে।’ এরপর আর কোনো তথ্য প্রকাশ না করে রহস্য অটুট রাখেন তিনি।

এখন প্রশ্ন উঠেছে, সেই রহস্যময় ব্যক্তি কে? তিনি কি এমজে? নেড? নাকি মার্ভেল ইউনিভার্সের অন্য কোনো চরিত্র? এ প্রশ্নই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রে। এদিকে সিনেমাটি নিয়ে আরেকটি বড় আকর্ষণ হলো মার্ক রাফালইয়ের প্রত্যাবর্তনের গুঞ্জন। ব্রুস ব্যানার চরিত্রে তার উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন, এবার হয়তো তাকে পূর্ণাঙ্গ হালকা রূপে দেখা যাবে।

ডেস্টিন ডেনিয়েল ক্রিটন পরিচালিত ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’তে অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, জ্যাকব বাটালন, জন বার্নথাল এবং স্যাডি সিঙ্ক। মার্ভেলের নতুন এ অধ্যায়ে পিটার পার্কারের জীবন কোনদিকে মোড় নেবে, তা জানার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে আপাতত সবচেয়ে বড় রহস্য একটাই, পৃথিবীর সবাই ভুলে গেলেও সেই একজন কে, যিনি এখনো জানেন স্পাইডার-ম্যানের আসল পরিচয়?