ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণের মধ্য দিয়ে ব্যবসার পরিধি বাড়াতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস। এর ধারাবাহিকতায় প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের (পিপিপিএলএল) সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস। এ সংক্রান্ত চুক্তির অনুলিপি চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে এখনো তা জমা দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ। 

রবিবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ জুলাই ইএলবি এবং যুক্তরাষ্ট্রের এরগন ব্র্যান্ডের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক পিপিপিএলএলের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য হওয়া এ চুক্তির আওতায় সরকারি খাতে এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিপণন ও বিতরণে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টসের বিদ্যমান লুব্রিকেন্টস ব্যবসার পাশাপাশি নতুন একটি ব্যবসায়িক খাত যুক্ত হচ্ছে।

তবে ডিএসই জানিয়েছে, চুক্তির বিষয়ে বিস্তারিত জানার জন্য ডিএসই কোম্পানিটির কাছে চুক্তিপত্রের অনুলিপি চাইলেও এখন পর্যন্ত তা এক্সচেঞ্জে জমা দেয়নি।

কোম্পানিটির আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৪৩ টাকা ১৯ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

ইস্টার্ন লুব্রিকেন্টস ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ টাকা।