দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সমন্বিত ত্রাণ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সেন্টার’গঠনের উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক তাহসিনা রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ২০২২ সালের সিলেট, ২০২৪ সালের ফেনী এবং প্রায় প্রতি বছর উত্তরাঞ্চলের বন্যা প্রমাণ করে যে দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই এই পুনর্বাসন সেন্টার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় সামগ্রিক প্রস্তুতি রয়েছে: ত্রাণমন্ত্রী

তাহসিনা রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন, বিভাগভিত্তিক সংগঠন এবং সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই প্ল্যাটফর্মের অধীনে কাজ করবে। এর মাধ্যমে বৃহত্তর তহবিল গঠন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সুশৃঙ্খল ত্রাণ বিতরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সহজ হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে ইতোমধ্যে দুই দফা বৈঠক হয়েছে এবং তিনি প্রাথমিক সম্মতি দিয়েছেন। আগামী ১৬ জুলাই উপাচার্যের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। শিগগিরই কেন্দ্রটির গঠনতন্ত্র প্রকাশ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার বিভিন্ন শিক্ষার্থী সংগঠনসহ ২১টি জেলা ও উপজেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান/এসজেডএইচ/জেআইএম