দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ ও পরীক্ষার্থীদের নিয়ে বিরূপ বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে অতিকথন পরিহার করার আহ্বান জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। একই সঙ্গে তাকে আরও দূরদর্শিতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
বিবৃতিতে তিনি বলেন, ১২ ও ১৩ জুলাই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও দুর্ভোগের সৃষ্টি হলেও সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে। শুরুতেই প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই সংকট এড়ানো সম্ভব ছিল।
জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষাখাতের নানা সমস্যা কাটিয়ে ওঠার জন্য কাজ করলেও বিভিন্ন সময়ে তার কিছু বক্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করেছে। তাই দেশের স্বার্থে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আরও দূরদর্শী ভূমিকা পালন এবং অতিকথন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজধানীসহ অন্তত ৩০টি জেলায় বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। তারা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
এএএইচ/এমএএইচ/








