সাংবাদিকতায় দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) উদ্যোগে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনসমূহের মাঝে সাংবাদিকদের সংগঠন উল্লেখযোগ্য, আমি প্রত্যাশা করি সাংবাদিকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত কার্যক্রমের ইতিবাচক দিকসমূহ তারা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যলয়ের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে। আমার যোগদানের তিনমাস অতিক্রান্তের এ সময়ে বিশ্ববিদ্যলয়ের সংবাদ তুলে ধরার ক্ষেত্রে আমি সাংবাদিক সমিতির গঠনমূলক কার্যক্রম প্রত্যক্ষ করেছি, এ জন্য তাদের প্রশংসা করছি।”

তিনি আরো বলেন, “যে সকল সংবাদের সংবাদ উপযোগিতা নেই, তা সংবাদ প্রতিবেদন হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মিডিয়ায় প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক আসাদুন নবী এবং প্রক্টর ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা এ এফ এম আরিফুর রহমান।

কর্মশালায় সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইত্তেফাক-এর হেড অব মাল্টিমিডিয়া ফখরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জাবেদ ইকবাল এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বণিক বার্তা-এর প্রতিবেদক আব্দুল কবির ফারহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতে একটি ফলদ গাছের চারা রোপণ করেন তিনি।

প্রসঙ্গত, কর্মশালার বিভিন্ন সেশনে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা, ক্যাম্পাস থেকে পেশাদার সাংবাদিকতায় উত্তরণের পথ, সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনের রোডম্যাপ, সংবাদ প্রতিবেদন, ফিচার রাইটিং, সাংবাদিকতার নৈতিকতা, মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া রিপোর্টিং এবং ডিজিটাল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।