শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল চারটার দিকে শহরের ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশজুড়ে বন্যার কারণে অনেক পরীক্ষার্থী চরম কষ্টের মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছেন। অথচ শিক্ষামন্ত্রী শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে অসংবেদনশীল মন্তব্য করছেন। তার নেওয়া সিদ্ধান্তগুলো শিক্ষার্থীবান্ধব নয় বলেও দাবি করেন তারা।আন্দোলনে অংশ নেওয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী টুম্পা বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের চরম দুর্ভোগ নিয়ে পরীক্ষায় বসতে হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শিক্ষামন্ত্রী কথা রাখেননি।’প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।