গাইবান্ধায় চাকুরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে ভুক্তভোগীর নামে মিথ্যা মামলা দেওয়া অভিযোগ উঠছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের এক কনফারেন্স হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কামরুজ্জামান মিয়া নামে এক ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. কামরুজ্জামান মিয়া গাইবান্ধা সদর উপজেলার বকশির খামার এলাকার মৃত্যু আব্দুস সোবহান মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, আব্দুল মতিন নামে এক ব্যক্তি তার নিকট থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৩ সালে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে তার নামের স্বাক্ষর জালিয়াতি করে উল্টো তার নামে মামলা করেন। এরপর ভুক্তভোগীকে বিভিন্ন সময় হুমকি ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তার দাবি, সুন্দরগঞ্জের বামনডাঙ্গার অন্তত আটজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তাদের বিরুদ্ধেও তিনি মামলা করছেন।

আরও পড়ুন

অস্তিত্বহীন স্কুলে চাকরির প্রলোভনে টাকা খোয়াচ্ছেন হাজারও বেকার

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির কাজই মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে বিপদে ফেলা। ভুক্তভোগী এই প্রতারক আব্দুল মতিনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

অভিযুক্ত মো. আব্দুল মতিন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মোজামালি বাড়ির মুন্সির খামার এলাকার মৃত মৌলবী আমানত উল্লাহ সাহার ছেলে। এ বিষয়ে জানতে অভিযুক্তের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আনোয়ার আল শামীম/এসজেডএইচ/জেআইএম