যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা তিনগুণ বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
শনিবার (১১ জুলাই) আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ ও রমজান যুদ্ধ নিয়ে আলোচনা করেন ব্রিগেডিয়ার জেনারেল ইবন আল-রেজা।
তিনি বলেন, শত্রুপক্ষ ১৫০টি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তা এবং অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে যুদ্ধে নেমেছিল। কিন্তু সর্বাধিনায়কের নেতৃত্ব এবং জনগণের সমর্থনের কারণে তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডারকে হারানোর পরও রমজান যুদ্ধে সশস্ত্র বাহিনী অত্যন্ত উদ্ভাবনী কৌশল প্রদর্শন করেছে। যুদ্ধের সবচেয়ে তীব্র সময়েও প্রতিরক্ষা উৎপাদন এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি এবং এ সময় ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
এর পাশাপাশি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী যুদ্ধকে ইরানের প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে একটি অনুঘটক হিসেবে উল্লেখ করেন রেজা। তিনি বলেন, শত্রুর দুর্বল দিকগুলো সঠিকভাবে চিহ্নিত করাই এ অগ্রগতির অন্যতম কারণ।
তিনি আরও বলেন, শহিদদের জানাজা ও দাফন অনুষ্ঠানে জনগণের ব্যাপক অংশগ্রহণ একটি নতুন প্রতিরোধ ফ্রন্টের উত্থানের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও তা প্রমাণ করে।
কেএম








