৫ লাখ টাকা চাঁদার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি বাস আটকে রেখে চালক ও হেলপারকে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত সব বাস বন্ধ করে বিক্ষোভ করেছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ টার্মিনালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চাষাঢ়াসহ বিভিন্ন স্ট্যান্ডে লোকজনকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিকল্প ব্যবস্থায় বেশি ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যে যেতে হয়েছে।

মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধন পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব উল্লাহ তপন সিটি বন্ধন পরিবহণ মালিক রাজুর কাছে মাসিক ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় সোমবার সিটি বন্ধন পরিবহণের একটি বাস আটকে চালক ও হেলপারকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। এছাড়া একই সময়ে চাঁদার দাবিতে মৌমিতা বাসও শহরে ঢুকতে বাধা দেয় তার সিন্ডিকেট। বিক্ষোভ সামাবেশে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মনিরুজ্জামান, মোহাম্মদ মানিক। বিকাল ৪টায় চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন বাস মালিক শ্রমিকরা। এ ব্যাপারে মহবুব উল্লাহ তপন সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।