চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতে রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম ছাড়াও নম্বরবিহীন একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. বুলবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২), কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মো. সেকেন্দার মন্ডলের ছেলে মো. সাইফুল মণ্ডল (৪০), পাবনার নাইজদিয়া নতুনপাড়ার মো. আব্দুল জলিলের ছেলে মো. মুন্না হাসান (১৯), একই গ্রামের মো. আব্দুর রকিবের ছেলে মো. শান্ত (২৭), একই উপজেলার থানাপাড়া গ্রামের মো. শওকত আলীর ছেলে মো. আসিফ হোসেন (২১) এবং একই উপজেলার বড়ইচারা গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. রতন আলী (৩৫)।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় মো. আনিসুজ্জামান চিন্টু (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে গত ৫ জুলাই কয়েকজন ব্যক্তি ‘আম ব্যবসায়ী’ পরিচয়ে ঘর ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে রহনপুর রেল স্টেশনসংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা একাধিক ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ অন্যান্য মামলা রয়েছে।








