চট্টগ্রামের চন্দনাইশে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৭৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় যাত্রীবেশে ইয়াবা বহনের অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা ইউনিয়নের কাঞ্চননগর বাদামতল বদল ফকিরহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- পটিয়া উপজেলার দক্ষিণ চাটারা মৌলভীপাড়ার মো. শাহ আলম (৩৬), কাগজীপাড়ার মো. সেলিম (৪৫), লাউয়ারখিল এলাকার সুপ্রীয়া গুপ্তা (৫৩), হিবাতলী এলাকার ছেনোয়ারা বেগম (৫৫) এবং বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী এলাকার ছফুরা বেগম (৫৫)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কক্সবাজার থেকে যাত্রীবেশে কয়েকজন মাদক কারবারি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসার তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

এসময় চট্টগ্রামমুখী একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে যাত্রীবেশে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা পাঁচজনকে আটক করেন। তাদের তল্লাশি করে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে এক হাজার ৯৫০টি করে মোট ৯ হাজার ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে অধিক মুনাফার আশায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস