পাবনার চাটমোহরে পানিতে ডুবে ইয়াসমিন খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদের কারণে ছোট থেকেই বনগ্রাম চকপাড়া গ্রামে নানা মতি মন্ডলের বাড়িতে থাকত ইয়াসমিন। বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুরে সমবয়সীদের সঙ্গে গোসল করতে যায় শিশুটি। গোসল শেষে অন্যরা বাড়ি ফিরলেও ফেরেনি ইয়াসমিন। একপর্যায়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন তারা।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।