চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রম আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন ভবনে এক ছাদের নিচে সব ধরনের সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এতে করে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি সেবা প্রার্থীদের ভোগান্তিও কমবে। নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন চালুর মাধ্যমে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট অনুমোদন, বিল এবং গেট পাশসহ সব ধরনের সেবা এক ছাদের নিচে আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, নতুন ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে ভবনটি থেকে প্রায় ৫ কোটি টাকা আয় হবে।
বন্দর চেয়ারম্যান আরও বলেন, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে ভবনটির নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্দরের নিরাপত্তা, সেবা সহজীকরণ এবং আন্তর্জাতিক কমপ্ল্যায়েন্স নিশ্চিত করতে এই ভবন যুগান্তকারী ভূমিকা রাখবে। জানা যায়, ২০২২ সালে বন্দরের ওএসএস ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ভবনটির পঞ্চম ও ষষ্ঠতলা ভাড়া দেওয়া হয়েছে। এর মধ্যে নিচতলায় রয়েছে রিসেপশন, প্রথমতলায় টোকেন বিতরণব্যবস্থা রাখা হয়েছে। বাকি তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।








