শিল্প নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরে দুই সপ্তাহব্যাপী শিল্প নিরাপত্তাবিষয়ক আঞ্চলিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

প্রশিক্ষণে বাংলাদেশ, ফ্রান্স, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বক্তব্যে কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর ভবিষ্যতেও নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকারের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি শিল্প ঝুঁকি মোকাবিলা এবং দুর্ঘটনা প্রতিরোধে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির পরিচালনায় প্রশিক্ষণে আধুনিক কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল ও গ্যাস কার্যক্রম এবং রাসায়নিক সংরক্ষণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল শেখানো হবে।

এছাড়া ইউরোপীয় কমিশনের এডাম সফটওয়্যার ও ইনেরিসের প্রাইমারিস্ক প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি নিরূপণ ও নিরাপদ দূরত্ব নির্ধারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয় তেল টার্মিনাল ও ডিপো পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ থাকবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণ জরুরি পরিস্থিতি মোকাবিলা, শিল্প দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং বন্দর নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/ইএ