রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. ফিরদৌস ইসলাম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরদৌস ওই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যায় ফিরদৌস। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছেন। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কলেজ পড়ুয়া ফিরদৌসের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








