চলমান বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আজারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৫৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তবে অতিবৃষ্টিজনিত বন্যায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হতে না পারার কারণে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতামতের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

দেশের অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।