ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হলেন একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ।

সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে হাসান নিয়ন রাইজিংবিডি ডটকমকে বলেন, “অধ্যাপক আনোয়ার মাহমুদ স্যার দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকাও পালন করেন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, সংকট বা দাবি-দাওয়ার বিষয়ে তিনি সবসময় আন্তরিকভাবে পাশে থাকেন। তাই তাকে উপাধ্যক্ষ হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে ঢাকা কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ আরো শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়িত হবে।”

উপাধ্যক্ষের দায়িত্ব পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য কি কবরে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, একাডেমিক কার্যক্রম আরো গতিশীল করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি আধুনিক, মানবিক ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় ঢাকা কলেজকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।”