দিনাজপুরের চিরিরবন্দর থানার আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামিসহ দুজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হচ্ছে- মামলার প্রধান আসামি মো. সাদেকুল ইসলাম ও দুই নম্বর আসামি মো. সাকিব। সোমবার রাতে নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উভয়ই দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ি টেপাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার র‌্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, নিহত শহিদুল হক দুলু ও তার ছেলে জয়নাল আবেদিনের সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহত শহিদুল হক দুলু ছিলেন সাদেকুল ও সাকিবের বাবা এবং জয়নাল আবেদিন তাদের সৎভাই ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১২ মে সকালে চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী বেগপাড়া এলাকায় একটি ভুট্টাখেতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে আঘাত করে শহিদুল হক দুলুকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। বাবাকে রক্ষা করতে গেলে জয়নাল আবেদিনও গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।