চট্টগ্রামে গ্রেফতার ছিনতাইকারীর কাছে মিললো ১১টি স্মার্টফোন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬) নামের ওই ছিনতাইকারীকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর। গ্রেফতার সাইফুল ইসলাম বাদশা পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এম্পুমিয়ার বাড়ির শামছুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী এলাকায় যাত্রীবেশে একটি বাসে উঠে ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় একটি চক্র। এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, বাসে উঠে যাত্রীর ফোন ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে বৃহস্পতিবার বিকেলে পটিয়া থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ভুক্তভোগীর মোবাইল ফোনসহ মোট ১১টি স্মার্টফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়। সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
তিনি বলেন, গ্রেফতার সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সহযোগীদের নিয়ে নগরের নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় বাসের যাত্রী, ব্যবসায়ী ও পথচারীদের লক্ষ্য করে ছিনতাই করতো। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমডিআইএইচ/এমকেআর








