রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা সাজেক ছাড়েন বলে নিশ্চিত করেছে বাঘাইহাট জোন।​টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে সাজেক ভ্যালিতে সব মিলিয়ে ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর বিশেষ পাহারায় (এসকর্ট) ১৫০ জন পর্যটক নিরাপদে খাগড়াছড়ি ফিরে যান।​বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, আজ সকালে ৩১১ জন পর্যটক রওনা হওয়ার পর সাজেকে বর্তমানে আরও প্রায় ১০০ জন পর্যটক অবস্থান করছেন। বাকি এই পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।​উল্লেখ্য, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গত মঙ্গলবার (৭ জুলাই) রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।