নানাবাড়িতে বেড়াতে এসে খেলছিল চার বছরের শিশু মোহাম্মদ দিয়ান। এ সময় তার মামার সঙ্গে ঝগড়া লাগে এক প্রতিবেশীর। এর জেরে ছুরিকাঘাত করা হয় শিশু দিয়ানকে। এতে বের হয়ে যায় দিয়ানের নাড়িভুঁড়ি। দ্রুত হাসপাতালে নেওয়ার পর তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি।
গতকাল শুক্রবার রাত আটটার দিকে নগরের কোতোয়ালি থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটেছে। শিশুটির বাসা নগরের এনায়েত বাজার এলাকায়। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে জামতলা এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে সে।
শিশুটির মামা আজহারুল হক প্রথম আলোকে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী নুরুন্নবীর সঙ্গে তাঁদের ঝগড়া লাগে। এর একপর্যায়ে তাঁকে ছুরি নিয়ে মারতে আসেন নুরুন্নবী। তাঁকে আঘাত করতে না পেরে তাঁদের বাসায় বেড়াতে আসা তাঁর চার বছর বয়সী ভাগনেকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে শিশুটির নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
আজহারুল হক বলেন, দিয়ানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রাতে অস্ত্রোপচার হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আজহারুল হক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার বছরের এক শিশুকে ছুরিকাঘাত করা হয়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।








