তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেশের মানুষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা একটি বিশাল প্রকল্প এবং এটি বাস্তবায়নে সময়ের প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে যে অঙ্গীকার করা হয়েছে, তার আন্তরিক প্রতিফলন ও কাজের অগ্রগতি এখন স্পষ্ট হওয়া উচিত।শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন।দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘বর্তমানে দেশের চারটি বিভাগ চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ মূলত বন্যার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে তিস্তার বাঁধ খুলে দেওয়া হলে রংপুর বিভাগ চরম হুমকির মুখে পড়ে। এটি প্রতি বছরের এক দীর্ঘস্থায়ী দুঃখ হয়ে দাঁড়িয়েছে। এজন্যই আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জোরালোভাবে তুলেছি।’চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতে এখানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নালা-নর্দমা উপচে পানি জমে মানুষের দুর্ভোগ বাড়ে। এমনকি নালায় পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘জনগণের এসব সমস্যা সমাধান করা মূলত সরকারের দায়িত্ব। আর বিরোধী দল হিসেবে এই সমস্যাগুলো সরকারের নজরে আনা এবং জনগণের পক্ষে দাবি আদায় করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্বই পালন করছি।’বাঁশখালীতে ত্রাণ বিতরণকালে শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্পদ হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তিনি এসব ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।দলীয় ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী তার সীমিত সামর্থ্য নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র থেকে এই ত্রাণ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে এবং স্থানীয় সকল পর্যায়ের জনশক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বিপদগ্রস্ত মানুষের সেবা অব্যাহত রাখেন।
রাজনীতি
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় জামায়াত আমির

শেয়ার করুন







