কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে মৃত ভেবে ফাঁড়িতে হাজির হন স্বামী। পরে পুলিশ গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার (১০ জুলাই) ভোররাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান জাগো নিাউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত গৃহবধূর ইসরাত জাহান ইভা (২২) উপজেলার নয়াকামতা এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল (২৮) একই উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তারা উপজেলার গণেশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে ইভার গলায় এলোপাতাড়ি কোপ দেন। পরে রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে মেঝেতে ফেলে দেবপুর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।
পরে তার বর্ণনা মতে গুরুতর অবস্থায় ইভাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান বলেন, এ ঘটনায় বিকেল সাড়ে ৪টায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত কাজল পুলিশি হেফাজতে রয়েছে। শনিবার সকালে তাকে আদালত পাঠানো হবে।
জাহিদ পাটোয়ারী/এএইচ








