চট্টগ্রামের সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এমভি দেশ’ নামে একটি ফিশিং জাহাজে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটির কর্মীসহ পাশে থাকা ‘ডিজনি’ নামে আরেকটি ফিশিং জাহাজের মোট ৬ কর্মী দগ্ধ হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে তাৎক্ষণিকভাবে ঢাকায় নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেক কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমুদ্রে মাছ আহরণ শেষে গতকাল সোমবার দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়লে ছয়জন দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন রাতে আজকের পত্রিকাকে বলেন, কর্ণফুলীতে বিস্ফোরণে দগ্ধ ৬ জনকে চমেক হাসপাতালে আনার পর তিনজনকে দুপুরেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাঁদের শরীর ১০০ শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। চমেক হাসপাতালে ভর্তি থাকা বাকি তিনজন সামান্য দগ্ধ হয়েছেন।

সদরঘাট নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, দগ্ধদের মধ্যে পাঁচজন শ্রমিক এবং একজন জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন।