নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি এলাকায় ডিশ ব্যবসায়ী নাসির উদ্দিন (৬০) হত্যা মামলার প্রধান আসামি শরিফকে আদালতে হাজির করার সময় গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে শুনানি শেষে আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে আদালতের শুনানি শেষে আসামি শরিফের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

এর আগে, শরিফ চলতি মাসের ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করেন। 

উল্লেখ্য, গত ৬ মে ফতুল্লার চানমারি মাউরাপট্রি এলাকার ফ্রেন্ডস কেবলের অফিসে ডিশ ব্যবসায়ী নাসির উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহমেদ বাদী হয়ে ফতুল্লা থানায় শরীফকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।