মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাদ বাজার এলাকায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলের দখল থেকে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) দুপুরে লাঙ্গলবাদ বাজারের বড় মসজিদের পাশের প্রায় ৬০ শতক সরকারি খাসজমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম।

এ সময় অবৈধভাবে নির্মিত প্রাচীর ও গেট ভেঙে দেওয়া হয়। পাশাপাশি ভবন নির্মাণের জন্য রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে।

অভিযুক্তের নাম রফিক শেখ। তিনি উপজেলার লাঙ্গলবাদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শেখের ছেলে।

উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ওই সরকারি জমির চারপাশে প্রাচীর ও গেট নির্মাণ করা হয়। পরে জমিটিতে ভবন নির্মাণের উদ্দেশ্যে সেখানে নির্মাণসামগ্রীও রাখা হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেন।

তবে ওই নির্দেশ অমান্য করে জমিতে নতুন করে ঘর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে রফিক শেখের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শেখের ছেলে রফিক শেখ সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছিলেন। বিষয়টি জানতে পেরে জমিটি দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে সরকারি জমি দখলের এমন অপচেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে