নরসিংদীর রায়পুরায় পরিত্যক্ত একটি মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তানঝুমা ওই গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পর তানঝুমা বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের কাছে গেলে টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া একটি দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”








