লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (সাড়ে ৩ বছর) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশু মারা গেছে। তারা চাচাত ভাই ও বোন। মুজাহিদকে বাঁচাতে গিয়ে মায়েশার মৃত্যু হয়।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়েশা আক্তার খন্দকারপাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে ও মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। অসাবধানতাবসত মুজাহিদ পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তারা দুইজনই মারা গেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছেন। তবে বিস্তারিত জানা নেই।








