গজারিয়া উপজেলায় এক শিক্ষার্থীকে অপহরণ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং জোরপূর্বক মাদকসেবন করিয়ে ভিডিও ধারণ করা হয়েছে। এ অভিযোগে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে গজারিয়া থানার সামনে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. রেদোয়ান আহমেদ হিমেলকে পরিকল্পিতভাবে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে তাকে জোরপূর্বক মাদকসেবন করিয়ে সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হয় বলে তারা দাবি করেন। শিক্ষার্থীরা জানান, ঘটনার পর হিমেলের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২৭ জুন সন্ধ্যায় পরীক্ষার ফল জানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর হিমেলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উপজেলার আব্দুল্লাপুর ও পুরান বাউশিয়া এলাকার তিন রাস্তার মোড়ে কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়।








