তারকাদের সাজপোশাক, জীবনযাপন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। এসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা কম হয় না। বিশেষ করে অভিনেত্রীরা তাদের পোশাক নিয়ে প্রায়ই কটাক্ষের শিকার হন। এমন পরিস্থিতির মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।
কয়েক দিন আগে অনামিকা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, অনামিকার পরনে টপস ও শর্টস। উদাস মনে সৈকতে হাঁটছেন তিনি। সবকিছু ঠিক থাকলেও অনামিকার শর্টস নিয়ে ঘোর আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। তাকে কটাক্ষ ও আক্রমণ করে অনেকে মন্তব্য করেছেন। কিছু মন্তব্য এতটাই নোংরা, যা প্রকাশের অযোগ্য।
অনামিকা চক্রবর্তী
বিষয়টি অনামিকারও নজরে পড়েছে। নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অনামিকা। তাতে তিনি বলেন, “রিসেন্টলি আমার একটা রিলে কিছু মানুষকে দেখলাম কমেন্ট করতে যে, তারা নাকি আমাকে ছোট পোশাকে দেখতে অভ্যস্ত নয়। তাহলে আজ থেকেই অভ্যেস করে নিন। আর যদি না করতে পারেন, তাহলে নিজেদের মাথা ঘামিয়ে, সময় নষ্ট করে কমেন্ট করতে থাকুন। আমার কিন্তু তাতে কিছুই যায় আসে না। আপনারা চারটে বাজে কথা বলবেন, আমি ১০টা ছোট পোশাক পরে ছবি দেব। এই চক্রটা সারাজীবন চলতেই থাকবে।”
সোশ্যাল মিডিয়ার সমীকরণের পাঠ দিয়ে অনামিকা বলেন, “কিছু মানুষ আনফলো করবেন, আবার কিছু নতুন মানুষ ফলোও করবেন। এটাই তো সোশ্যাল মিডিয়ার নিয়ম। তাই যার যেটা করার, নিশ্চিন্তে করুন। কিন্তু অভ্যেসটা করে নিন। আর যদি সেটাও না হয়, তাহলে ‘নট ইন্টারেস্টেড’ বলে একটা অপশন তো আছেই, নির্দ্বিধায় সেটাই বেছে নিন। দুজনেরই ভালো হবে। একটু ডিক্লাটারও হয়ে যাবে।”
অনামিকা চক্রবর্তী
অনামিকার এসব ভাবনার সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করেছেন। আরো নোংরা ভাষায় আক্রমণ করেছেন এই অভিনেত্রীকে। এ নিয়ে নেটিজেনদের সঙ্গে তর্কে জড়াতেও দেখা গেছে অনামিকাকে।
ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ও চলচ্চিত্রের পরিচিত মুখ অনামিকা চক্রবর্তী। ২০১৪ সালে ‘রাজযোটক’ নাটক দিয়ে অভিনয়ে পা রাখেন। এতে ‘বনি/মৌ’ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন। পরবর্তীতে ‘ফুলমণি’, ‘এখানে আকাশ নীল’, ‘বেদের মেয়ে জোৎস্না’, ‘জয় জগন্নাথ’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন।
অনামিকা চক্রবর্তী
২০১৭ সালে ‘লাভ লেটার’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে অনামিকার। এরপর ‘একটা ভালোবাসার গল্প’, ‘আসছে আবার শবর’, ‘তোর অপেক্ষায়’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।








