সাধারণ মানুষের জন্য গতকাল বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার সকাল থেকেই ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই জাদুঘরে এলেও সময় পরিবর্তনের কারণে অনেক দর্শনার্থীকে পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়।আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাদুঘরের প্রধান ফটকের সামনে এমন চিত্র দেখা গেছে। কারণ প্রতিদিনের মতো বেলা ১১টা থেকে জাদুঘর খোলা থাকবে, এমন ধারণা নিয়ে অনেকেই সেখানে এসেছিলেন। তবে ছুটির দিনের কারণে সময়সূচি পরিবর্তন করে বিকেল ৩টা থেকে জাদুঘর খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।হঠাৎ করে সময়সূচি পরিবর্তনের এই বিষয়টি আগে থেকে জানতে না পারায় অনেক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেলেও, অনেকে আবার বিকেল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।সরেজমিনে দেখা যায়, ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জাদুঘরের সামনে ভিড় করেন দর্শনার্থীরা। কেউ এদিক-সেদিক ঘুরছেন, আবার কেউ শিশুদের নিয়ে জাদুঘর খোলার অপেক্ষায় বসে আছেন। জাদুঘরের দেওয়ালে ছুটির দিনে জাদুঘর খোলার ও বন্ধের সময়সূচি পরিবর্তন করে প্রিন্টেড কাগজ লাগিয়ে দিতেও দেখা গেছে।কর্তৃপক্ষের নতুন সময়সূচি অনুযায়ী, এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে এবং দর্শনার্থীরা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন।এর আগে গতকাল বৃহস্পতিবার জনসাধারণের জন্য জাদুঘর উন্মুক্তের প্রথম দিন জানানো হয়েছিল, জাদুঘরটির সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার এবং প্রতিদিন নির্দিষ্ট কয়েকটি শিফটে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা অনলাইনে বা সরাসরি সংগ্রহ করা যায়।
রাজনীতি
ছুটির দিনে সময়ের পরিবর্তনে জুলাই স্মৃতি জাদুঘরের দর্শনার্থীদের বিরম্বনা

শেয়ার করুন






