পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখা ও অনুমোদন ছাড়াই বিভিন্ন টেস্টের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে একটি ফার্মেসিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা রিনা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আসছিলেন। গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে প্রেসক্রিপশন লিখে ওষুধ দেন তিনি। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারটির অভিযোগ।
পরে আজ ওই ফার্মেসিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। দোকানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।
পঞ্চগড় সদরের ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, ‘ফার্মেসিতে বিভিন্ন টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পাই, যার অনুমতি ছিল না। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখারও অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’







