লিচুর মৌসুম শুরু হওয়ার পর থেকে চীনে ১৬ হাজার মেট্রিক টনের বেশি তাজা লিচু রপ্তানি করেছে ভিয়েতনাম। এসব রপ্তানির মোট মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
দেশটির রিজিওনাল কাস্টমস সাব-ডিপার্টমেন্ট-৭-এর আওতাধীন লাও কাই আন্তর্জাতিক সীমান্ত শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মৌসুমের শুরু থেকে ১৪ জুন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ ট্রাক লিচু কিম থান আন্তর্জাতিক সীমান্ত গেট নং-২ দিয়ে চীনে প্রবেশ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জুন থেকে বাক নিন প্রদেশে লিচু সংগ্রহ মৌসুম তুঙ্গে ওঠায় সীমান্ত দিয়ে লিচুবাহী ট্রাকের সংখ্যা আরও বাড়বে। লাও কাই অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের এক প্রতিনিধি বলেন, প্রতিদিন ৭০ থেকে ১০০টি ট্রাক এই পথ দিয়ে লিচু পরিবহন করতে পারে।
বর্তমানে সীমান্তে পৌঁছানো সব লিচুবাহী ট্রাককে সীমান্তরক্ষীরা বিশেষ পার্কিং এলাকায় নিয়ে যাচ্ছেন। সার্বক্ষণিক দায়িত্বে থাকা কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত এই এলাকায় প্রায় ১০০টি যানবাহন রাখার ব্যবস্থা রয়েছে।
শুল্কসংক্রান্ত কাগজপত্র সম্পন্ন হওয়ার পর ট্রাকগুলোকে সরাসরি তদারকি এলাকায় পাঠানো হচ্ছে, যেখানে রপ্তানি ছাড়পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
ব্যবসায়ীদের সুবিধার্থে প্রয়োজনীয় প্রক্রিয়া ও নথিপত্রের নির্দেশনা আগেই প্রকাশ করা হয়েছে, যাতে তারা আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন এবং কোনো ধরনের জট সৃষ্টি না হয়।
লাও কাই অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানায়, মে মাসের শুরুতেই তারা যানবাহন চলাচল ব্যবস্থাপনা ও জনবল মোতায়েন নিয়ে বৈঠক করেছে। এর ফলে সীমান্ত আনুষ্ঠানিকভাবে খোলার ৪৫ থেকে ৬০ মিনিট আগেই শুল্ক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, বাস্তবায়ন প্রক্রিয়াজুড়ে তাজা কৃষিপণ্য, বিশেষ করে লিচুর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সকালে দ্রুত ছাড়পত্রের ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: ভিয়েতনাম এক্সপ্রেস
এমএসএম








