জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কীভাবে গুলি খেতে হয়, সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় দেখিনি, কিন্তু চট্টগ্রামের ওয়াসিম আকরামকে হিমালয়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে তপ্ত বুলেট বরণ করতে দেখেছি। আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু শহীদ আনাসের মায়ের চোখের জল দেখেছি। সেই অশ্রু দেখেই প্রশান্ত মহাসাগরের কথা মনে পড়ে।

গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী ছাত্রদলের কর্মসূচির অংশ হিসাবে বুধবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।

এর আগে মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ধাপে ধাপে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এই স্মৃতিতর্পণের অনুষ্ঠান আমরা মোমবাতির আলোয় করছি। এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করবে না, এটি ভুবনভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে, প্রজ্বালিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।

আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি শুধু একটি মাস বা একটি দিনের জন্য নয়। আমাদের সব জানালা খোলা রাখতে হবে। তারা আমাদের বিবেককে জাগ্রত রাখবে, যেন আর কোনো স্বৈরাচার, অগণতান্ত্রিক শক্তি বা ফ্যাসিবাদের উত্থান না ঘটে।