চট্টগ্রামে চোরাই মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) পরিবর্তন করার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫৭টি চোরাই মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, নগদ টাকা এবং মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনের বিশেষ মেশিন ও সরঞ্জামাদি। গ্রেফতারকৃতরা হচ্ছে জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি, সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল, আবু সাঈদ, শামীম ও সাইফুল ইসলাম। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয় গ্রেফতারকৃতরা সবাই পেশাদার অপরাধী। একজনের বিরুদ্ধে একটি হত্যা মামলাও আছে।
পুলিশ জানায়, নগরীর হালিশহর থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সদস্য জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দনকানন আবাসিক এলাকার একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতা সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪টি আইফোন, ১৩৩টি অন্যান্য ব্র্যান্ডের মোবাইল, ৫টি ল্যাপটপ, ২০১টি মোবাইল সিম কার্ড, ৪৪৫টি মোবাইলের কেসিং, মাইক্রোস্কোপ, বিভিন্ন চার্জার এবং আইএমইআই পরিবর্তনের মেশিন ও ১ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া সহযোগী আবু সাঈদের বিরুদ্ধে গাজীপুরের একটি থানায় হত্যা মামলা রয়েছে। সিএমপি ডিসি (দক্ষিণ বিভাগ) হাবিবুর রহমান জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।





