নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে ইমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরানবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমন মিয়া ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন মিয়ার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের পর তিনি কিছুদিন ধরে গ্রামের বাইরে অবস্থান করছিলেন।

স্থানীয় লোকজনের দাবি, তিনি মাঝেমধ্যে এলাকায় এসে বিভিন্ন স্থানে চুরি করে চলে যেতেন। সম্প্রতি এলাকার এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ ওঠার পর থেকে তাকে খোঁজা হচ্ছিল।

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকালে আঠারবাড়ি বাজার এলাকায় ইমনকে দেখতে পেয়ে কয়েকজন তাকে আটক করেন। পরে সেখানে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, চুরির অভিযোগে ইমন মিয়াকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশ তদন্ত করছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।

এইচ এম কামাল/কেএইচকে