চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসেম আলী ওই গ্রামের মৃত রস্তম মন্ডলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে কৃষিজমিতে সার দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হাসেম আলী। শুক্রবার সকালে স্থানীয়রা কাটাখালী মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর মরদেহের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী খেয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।