বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সহজে কোম্পানি শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্ত করতে বিধিমালাটি খসড়া অনুমোদন করা হয়েছে। এটি জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের (অন্তত ১০-২০ শতাংশ) মাধ্যমে, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই কোনো কোম্পানির সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানাধীন কোম্পানি, বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধন সম্পন্ন বিটিআরসির অনুমোদিত টেলিযোগাযোগ ও আইসিটি সংশ্লিষ্ট সেবা প্রদানকারী অথবা আইসিটি অবকাঠামো অথবা উৎপাদনকারী কোম্পানি, কমপক্ষে ৩ বছরের কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি, কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানি এবং কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টার পার্টি নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে কোম্পানিগুলোর শেয়ার স্টক এক্সচেঞ্জে ডাইরেক লিস্টিং করতে পারবে।






