জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বা ইক্যুইটি সিকিউরিটিজ লেনদেন ও হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০২৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ২০ মে ২০২৪ তারিখের জারি করা নির্দেশনার সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেয় কমিশন।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, জেড ক্যাটাগরির কোম্পানির কোনো উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে কমিশনের পূর্বানুমোদন প্রয়োজন হবে না। এর মধ্যে ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত করা এবং কোনো শেয়ারহোল্ডারের মৃত্যুর পর উত্তরাধিকারীদের কাছে শেয়ার হস্তান্তরের বিষয়ও রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো তাদের প্রযোজ্য তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।







