ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে নাটোরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন ডাক বিভাগের ইডি কর্মকর্তা-কর্মচারীরা। দাবির সমর্থনে সোমবার দুপুরে মানববন্ধন করেছে ডাক বিভাগের ইডি কর্মচারী জেলা শাখা। তারা ডাক বিভাগের দুই রকম নীতি বন্ধের আহ্বান জানান। সোমবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার সদস্যরা। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য রাজিব আহমেদ, গুরুদাসপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সিংড়ার বিলদহরের পোস্টমাস্টার আফরিনা আক্তার মিষ্টি প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজারদরের তুলনায় খুবই নির্মম। তাই বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং তাদের বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। ডাক বিভাগে দুই রকম নীতি বন্ধ করতে হবে। তাদের দাবি, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এবং নাটোর জেলায় কর্মরত ৩৪২ জন এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। সরকার এ দাবি বাস্তবায়নে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন।