উত্তরণ
সমস্যা: আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। লেখাপড়া শেষে চাকরি করার ইচ্ছা রয়েছে। কিন্তু মানুষের সঙ্গে মিশতে পারি না। আমার এই ইনট্রোভার্ট বৈশিষ্ট্যের জন্য কর্মজীবনে কাজ করতে অসুবিধা হবে মনে হচ্ছে। এই হীনম্মন্যতা থেকে চেষ্টা করেও বের হতে পারছি না। সবাই যখন চাকরির কথা বলে, আমি তখন এই বিষয় ভেবেই ভয়ে থাকি। পার্টটাইম চাকরি করার চেষ্টাও করেছি।
কিন্তু ঠিকভাবে সেটি করতে পারিনি। এই ভয় কাটাতে টিউশনিও করি। এটি আমাকে সাহায্য করবে কি না, জানি না। আমি কী করতে পারি?
মহুয়া, কুষ্টিয়া
সমাধান : পৃথিবীতে সব মানুষের ব্যক্তিত্ব এক রকম নয়। কেউ সহজে সবার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মিশতে পারে, কেউ নিজের জগতে বাস করতে ভালোবাসে। কেউবা আত্মকেন্দ্রিক, গম্ভীর, কেউ আবার ছটফটে এবং প্রাণবন্ত।
আপনার ইনট্রোভার্ট বা অন্তর্মুখী বৈশিষ্ট্য, মানুষের সঙ্গে মিশতে না পারার প্রবণতা কিন্তু খুব বড় কোনো সমস্যা নয়। সমাধানের আগে বুঝতে হবে, এই অন্তর্মুখী স্বভাবটি কেন?
এটি কি এ জন্য—আপনি সবার সঙ্গে মিশতে চান, কথা বলতে চান কিন্তু পারেন না? সমালোচনার শঙ্কা বা অন্যরা আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলবে, এই ভয় কি আপনাকে সব সময় তাড়িয়ে বেড়ায়? নাকি স্বভাবগতভাবে আপনি কোলাহল থেকে দূরে নিজের মতো থাকতে ভালোবাসেন?
যেটিই হোক, মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য থেকে তাকে বের করে আনা মুশকিল।
তবে আপনি যে পরবর্তী সময়ে চাকরির সুবিধার জন্য টিউশনি করছেন, এটি খুব প্রশংসনীয় উদ্যোগ। এটি বরং আপনাকে পরবর্তী সময়ে নিজ কর্মক্ষেত্রে সাবলীল হতে সাহায্য করবে।
আরেকটি বিষয়, আপনি কবিতা আবৃত্তি, গল্পের বই পড়া বা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। এতে অন্যদের সঙ্গে যোগাযোগের দক্ষতা বাড়ে। কিছু পেশা আছে; যেমন লাইব্রেরিয়ান, হিসাবরক্ষক এসব কাজে অন্তর্মুখী স্বভাবের মানুষ যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর রাখে।
গবেষণা বলে, পেশা যদি পছন্দের হয়, ভালো লাগার হয়, তবে মানুষের ব্যক্তিত্ব সেখানে বাধা হয়ে দাঁড়ায় না। আপনার ভয়ের কিছু নেই। বিষয়টি কখনো ইনট্রোভার্ট বা এক্সট্রোভার্টের নয়; বরং কাজটি আপনি কীভাবে নিচ্ছেন, আপনার দক্ষতা, যোগ্যতা, আন্তরিকতা আর কাজের প্রতি আপনার ইতিবাচক মনোভাব—এটাই চাকরি করা ও চাকরিতে টিকে থাকা নিশ্চিত করে।
আমি আপনার ব্যাপারে আশাবাদী। আপনি আপনার কর্মক্ষেত্রে অবশ্যই সফল হবেন।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. ফারজানা রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সোশ্যাল ও কমিউনিটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট ,জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ,শেরেবাংলা নগর, ঢাকা








