গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ডাকাতির চেষ্টার অভিযোগে সামিউল হোসেন সৌরভ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে তিনি আহত হন। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে ৫টি মোটরসাইকেলে করে ৮-১০ জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা হোটেলে টাকা ও মালামাল লুটের চেষ্টা করলে কর্মচারীরা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ডাকাতদের ধাওয়া দেন।
এ সময় ডাকাতদলের সব সদস্য পালিয়ে গেলেও সামিউল হোসেন সৌরভ আটক হন। উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দিয়ে কালিয়াকৈর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৌরভকে আটক এবং একটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহার করা দুটি মোটরসাইকেল উদ্ধার করে। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ডাকাতি চেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং জড়িত ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।








