চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি)-উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৭০০ জন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি প্রায় ২০০টি গবাদিপশুকে ভেটেরিনারি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ সেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবায় অংশ নেন বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসক। মোট আট সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে সেবা দেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, অন্যান্য বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকদের মতে, এই উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিজিবির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবাসীর পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।