নরসিংদীর শিবপুরে পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে খরচ বেশি এবং বাজারে দাম কম থাকায় প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন খামারি ও ডিলাররা। পরে তারা সড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

প্রতি ডিমে ৪ টাকা, মাসে ৫০০ কোটি লোকসান: দাবি খামারিদের

নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।

দাম কম, সড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ‌‘পোল্ট্রি খামার রক্ষা করো, সিন্ডিকেট ধ্বংস করো’, ‘পোল্ট্রি খামার বাঁচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাঁচাও’, ‘পোল্ট্রি খাদ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি ও নিম্নমানের খাদ্য উৎপাদনের প্রতিবাদ’, ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’—এমন নানান দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির একপর্যায়ে নিজেদের উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।

আরও পড়ুন

লাল নাকি সাদা কোন ডিমে পুষ্টি বেশি

খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

খামারিদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), সিনিয়র সহসভাপতি ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া প্রমুখ।

সজ্ঞিত সাহা/এসআর/জেআইএম