রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি মহাবিপন্ন বাঘাইড় মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য নিশ্চিত করেন

জানা গেছে, রোববার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনার বিভিন্ন স্থানে জাল ফেলেন জেলে নিয়ামত হালদার, পরান হালদারসহ কয়েকজন। সকালবেলা জাল টেনে তুলতেই নিয়ামত হালদারের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের একটি বড় বাঘাইড় মাছ। পরে মাছটি দৌলতদিয়ার আনু খাঁর আড়তে এনে ওজন করা হয়। সেখানে নিলামে প্রতি কেজি এক হাজার ৮০০ টাকা দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

ব্যবসায়ী সম্রাট শাজাহান জানান, উন্মুক্ত নিলামে বাঘাইড় মাছটি কিনে অনলাইনে যোগাযোগ করে ‌কে‌জিতে ১০০ টাকা লাভে ১ হাজার ৯০০ টাকা কে‌জি দরে মোট ৩৮ হাজার বি‌ক্রি করেন। মাছটি গোপালগঞ্জে বসবাসরত এক ইটা‌লি প্রবাসী কিনে নিয়েছে। পদ্মা নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত মাছগু‌লো বিক্রি হয়ে যায়।

গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, মহাবিপন্ন বাঘাইড় ধরা এবং ক্রয়-‌বিক্রয়ের বিষয়ে মাইকিং করাসহ বিভিন্নভাবে জেলেদের সচেতন করা হয়। তারপরও তারা সচেতন হচ্ছে না। আর এটা মূলত বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিষয় এবং বন বিভাগ দেখবে।

রুবেলুর রহমান/কেএইচকে/এমএস