বাংলা কবিতার এক অনন্য নির্মাতা, মহাকালের কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষ্যে তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণোৎসব। শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবিতা পাঠ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণউৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ শনিবার শেষ হবে এ উৎসব। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার-কে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে।
শুক্রবার দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও কথা সাহিত্যিক মো. আবু সাঈদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম।
বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সচিব ও কথা সাহিত্যিক ডক্টর মো. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদত আলোচক ছিলেন সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুল হক, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন আশরাফসহ জেলার বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিপ্রেমীরা।







