জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ১২টি পেশাজীবী ও সামাজিক সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন হয়। ঢাকাস্থ সারিয়াকান্দী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, দাবি আদায়ে গঠিত কমিটির সমন্বয়ক কর্নেল (অব.) জগলুল আহসান, ঢাকাস্থ সারিয়াকান্দী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সালজার রহমান, রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, এই রুটে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এবং দেশের আর্থসামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে। এই রুটের সবচেয়ে বড় সুবিধা হলো দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। বর্তমানে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকা বা ময়মনসিংহ যেতে প্রায় ১৮৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। নতুন সেতু নির্মিত হলে এই দূরত্ব প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার কমে যাবে। এতে যাতায়াতের সময় কমবে, জ্বালানি ব্যয় হ্রাস পাবে, পরিবহণ খরচ কমবে এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বগুড়া, রংপুর, দিনাজপুর, নওগাঁসহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন চাল, আলু, সবজি, ভুট্টা, ফল ও অন্যান্য কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সহজ হবে।